সারাদেশ

বিতর্কের পর বগুড়ার সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

বিতর্কের পর বগুড়ার সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ আসনের আলোচিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। গণশুনানির ভিত্তিতে নবগঠিত ইউনিয়নগুলোর এই নতুন নাম নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব নাম অনুমোদন দিয়ে প্রস্তাব পাস করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। একইভাবে মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম হয়েছে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হয়েছে রহবল ইউনিয়ন।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন দেওয়া হয়েছে। এখন এ প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর গেজেট আকারে নতুন নামগুলো প্রকাশিত হবে।

এর আগে গত ১৪ জুন প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় চারটি ইউনিয়ন গঠন করা হয়। তখন সেগুলোর নাম রাখা হয়েছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

তবে মীরবাড়ি নামটি স্থানীয় সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম হওয়া এবং সীমান্ত ও দিগন্ত নাম দুটি তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় শুরু হয় ব্যাপক সমালোচনা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে দেশজুড়ে আলোচনার জন্ম দেয় এবং জাতীয় সংসদেও উত্থাপিত হয়।

বিতর্কের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গণশুনানির মাধ্যমে নাম নির্ধারণ করা হয়েছে। তবে এ নিয়ে প্রশ্ন ওঠায় পুনরায় গণশুনানির আয়োজন করা হয়। ২১ জুন নির্দেশনার পর নতুন করে প্রক্রিয়া শুরু হয় এবং ২৩ ও ২৫ জুন অনুষ্ঠিত গণশুনানির ভিত্তিতেই চূড়ান্তভাবে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।