সারাদেশ
নাটোরে পর্যটনমন্ত্রীকে ধাক্কা, পিস্তলসহ যুবক আটক
নাটোরে উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাকে ঘিরে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম তানিম, তিনি নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর আলম জানান, বিকেল ৩টার দিকে উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন।
মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
আটক যুবকের দাবি, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা এবং আত্মরক্ষার জন্য তিনি এটি সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও উল্লেখ করেন।
মন্ত্রী সফরসঙ্গী হিসেবে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।