সারাদেশ

নাটোরে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে আধঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

নাটোরে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে আধঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র আধঘণ্টার ব্যবধানে মারা গেছেন স্ত্রী। বৃহস্পতিবার (বিকাল) উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

মৃতরা হলেন হায়দার আলী (৭০) ও তার স্ত্রী রহিমা বেগম (৬৫)। একই দিন রাত সাড়ে ৯টার দিকে বাটিকামারী সামাজিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজের মুদি দোকানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হায়দার আলী। স্থানীয়দের সহায়তায় দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিলেও পথেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছু সময় পর তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে এলে স্ত্রী রহিমা বেগম স্বামীর মরদেহ দেখে ভেঙে পড়েন এবং শোকে অজ্ঞান হয়ে যান। প্রায় আধঘণ্টা পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হায়দার আলীর শ্যালক মাওলানা আশরাফুল আলম জানান, প্রায় তিন বছর আগে তাদের একমাত্র ছেলে জুয়েল স্ট্রোকজনিত কারণে মারা যান। ছেলের মৃত্যুর পর থেকেই এই দম্পতি মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন। সংসারের একমাত্র উপার্জনের উৎস ছিল হায়দার আলীর মুদি দোকান, যেখানে পুত্রবধূ সহায়তা করতেন।

তিনি আরও জানান, ছেলের মৃত্যুর পর থেকেই হায়দার আলী হৃদরোগে ভুগছিলেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তার মৃত্যু হয় এবং সেই শোক সহ্য করতে না পেরে অল্প সময়ের ব্যবধানে স্ত্রীও মারা যান।