সারাদেশ
গোবিন্দগঞ্জে বাসচাপায় নারী নিহত, ঢাকা-রংপুর মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক নারী নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় জনতা। নিহতের প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ করে রাখা হয় ব্যস্ততম ঢাকা-রংপুর মহাসড়ক।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মরিয়ম বেগম (৪৫)। তিনি ওই এলাকার বাসিন্দা আব্দুল হামিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মরিয়ম বেগম সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী শঠিবাড়ি এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি গোবিন্দগঞ্জ পৌর শহরের যানজটে আটকে পড়ে। স্থানীয় জনতা চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এবং বাসটিতে ভাঙচুর চালায়।
দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-রংপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করে, যা দীর্ঘ তিন ঘণ্টা চলতে থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে যান এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় জনতা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। বাসের চালক পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।