সারাদেশ

গাইবান্ধার মহিমাগঞ্জে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে চুরি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

গাইবান্ধার মহিমাগঞ্জে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে চুরি
গাইবান্ধার মহিমাগঞ্জে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে চুরি। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় স্থানীয় শ্রীপতিপুর পাছপাড়া এলাকার ঐতিহ্যবাহী মসজিদটিতে এ চুরি সংঘটিত হয়।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত প্রায় ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে একটি থলিতে ভরে মসজিদের দেয়ালের আলমারিতে রাখা হয়েছিল। রাতের আঁধারে অজ্ঞাত চোর বা চোরের দল দেয়ালের একটি ছোট ফাঁক দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে আলমারির কাচের পাল্লা ভেঙে নগদ টাকা ও একটি আইপিএসের মূল্যবান ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এতে মোট অর্ধলক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভোরে ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা আলমারির কাচ ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরই চুরির বিষয়টি সবার নজরে আসে।

মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে তিনি জানান।