সারাদেশ

গোবিন্দগঞ্জে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

গোবিন্দগঞ্জে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
গোবিন্দগঞ্জে শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা–রংপুর মহাসড়কের থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতা শরীফ শুভ, ওমর ফারুক, মেহেদী হাসান মীম, মাকসুদুর রহমান ও মুসতকীন আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এ দেশের মানুষ অতীতেও বিপ্লব দেখেছে। ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।