সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০০ পিএম

কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১-এস এলাকা দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে বিএসএফের পরিকল্পনা ভেস্তে যায়।

তবে পরে বিএসএফ সদস্যরা ওই ৯ জনকে কাঁটাতারের কাছে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করিয়ে রাখে বলে জানা গেছে।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে।