সারাদেশ
গোবিন্দগঞ্জে শিংজানী খাল পুনঃখনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মাসুদুর রহমান
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলমান শিংজানী খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শিংজানী এলাকায় গিয়ে তিনি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে মহিমাগঞ্জ ইউনিয়নের নুরুল্লার বিল থেকে পুনতাইড় হয়ে বোচাদহ বাঙালি নদীর স্লুইস গেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ শিংজানী খাল পুনঃখনন করা হচ্ছে। প্রায় ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে, সেচ ব্যবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল-মামুন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।