সারাদেশ

বাংলাদেশি ভেবে ভারতীয় দুই নাগরিককে গুলি, বিএসএফের গুলিতে আহত হয়ে বাংলাদেশে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

বাংলাদেশি ভেবে ভারতীয় দুই নাগরিককে গুলি, বিএসএফের গুলিতে আহত হয়ে বাংলাদেশে
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়ে বাংলাদেশে প্রবেশের পর ভারতের দুই নাগরিককে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি নাগরিক ভেবে তাদের গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন আহত দুই ব্যক্তি। পরে নদী থেকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশি নিরাপত্তায় তাদের চিকিৎসা চলছে।

রোববার বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সীমান্তসংলগ্ন একটি নদীতে আহত অবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন মাঝি। পরে তারা তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহতরা নিজেদের ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তারা হলেন আব্দুল আলিম ও ইসমাইল হাসান।

বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতাল এলাকায় তাদের নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে গিয়ে জানা যায়, আহত দুই ব্যক্তির শরীরেই গুলির আঘাত রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। হাসপাতালের একটি সূত্র জানায়, প্রথমে তারা মেঝেতে অবস্থান করছিলেন। পরে পুলিশি নিরাপত্তায় তাদের হাসপাতালের বেডে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

আহত দুই ভারতীয় নাগরিকের দাবি, গত ৪ অক্টোবর সীমান্তবর্তী এলাকায় তারা নিজেদের গরুকে নদীতে গোসল করাচ্ছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করে নিয়ে যান। তাদের অভিযোগ, আটকের পর নিজেদের ভারতীয় নাগরিক পরিচয় দেওয়ার পরও বিএসএফ সদস্যরা তাদের মারধর করেন এবং বাংলাদেশে চলে যেতে বলেন। অন্যথায় তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তারা।

আহতদের ভাষ্য, তারা একাধিকবার নিজেদের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও বিএসএফ সদস্যরা তাদের কথা শোনেননি। একপর্যায়ে তাদের মৃত মনে করে বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ করেন তারা। পরে প্রাণ বাঁচাতে তারা নদী পেরিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে চলে আসেন।

বাংলাদেশের সীমান্ত এলাকায় পৌঁছানোর পর স্থানীয় কয়েকজন জেলে নদীর মধ্যে তাদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা দুজনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নানা আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। আহত দুই ব্যক্তি প্রকৃতপক্ষে কীভাবে বাংলাদেশে প্রবেশ করলেন, তাদের ওপর গুলির ঘটনা কীভাবে ঘটেছে এবং বিএসএফ সদস্যদের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা কতটুকু-এসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখভাল করছে।