সারাদেশ
আদালতের হাজতখানায় শিশুসন্তান কোলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল
হবিগঞ্জ জেলা আদালতের হাজতখানায় শিশু সন্তানকে কোলে নিয়ে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি আমলে নিয়ে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।
হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লোজড হওয়া দুই পুলিশ সদস্য হলেন- এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়া।
জানা গেছে, সোমবার (৪ আগস্ট) হাজিরার জন্য কারাগার থেকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আদালতে হাজির করা হয়। সেই সময় তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। জাকির পুলিশের কাছে অনুরোধ করেন সন্তানকে কোলে নেওয়ার সুযোগ দিতে। পুলিশ সদস্যরা তার অনুরোধে সাড়া দিলে জাকির সন্তানকে কোলে নেন।
এই মুহূর্তে তোলা একটি ছবি পরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ছবিটি ভাইরাল হওয়ার পর তা কর্তৃপক্ষের নজরে আসে এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তখন থেকেই তিনি কারাগারে আছেন।