সারাদেশ

বাঁচানো গেলো না ট্রেনের ধাক্কায় আহত হওয়া সিলেটের সেই হাতিকে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

বাঁচানো গেলো না ট্রেনের ধাক্কায় আহত হওয়া সিলেটের সেই হাতিকে
ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান।

তিনি জানান, ট্রেনের আঘাতে হাতিটির পেছনের দুই পা, লেজ এবং মেরুদণ্ডে মারাত্মক ক্ষতি হয়। আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হলেও সামগ্রিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

হাতিটির চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ বলেন, মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়ায় হাতিটির শরীরের পেছনের অংশ সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছিল। শরীরের একাধিক স্থানে গুরুতর ক্ষত ছিল। সর্বোচ্চ চেষ্টা করেও হাতিটিকে বাঁচানো যায়নি।

এর আগে গত শনিবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় হাতিটি আহত হয়ে রেললাইন-সংলগ্ন একটি ডোবায় পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে হাতিটিকে ডোবা থেকে তুলে ডাঙায় নিয়ে আসে।

জানা গেছে, হাতিটির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিতে হাতিটিকে সিলেটে আনা হয়েছিল। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে মাহুত হাতিটিকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় হাতিটি গুরুতর আহত হয় এবং ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় হাতিটির মাহুতও আহত হন।

পেছনের পায়ে গুরুতর আঘাত পাওয়ায় হাতিটি নিজে থেকে উঠে দাঁড়াতে পারেনি। কয়েক দিন ধরে প্রাণপণ চিকিৎসা চললেও শেষ পর্যন্ত প্রাণীটির মৃত্যু হয়।