সারাদেশ

সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:০৮ এএম

সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হৃদয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেটগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ফেরিঘাট এলাকায় মোটরসাইকেলটি চলাচলের সময় সিলেটগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হৃদয় গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জে একদিনের ব্যবধানে এটি দ্বিতীয় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা। এর আগে গত রবিবার ফেরিঘাট এলাকার বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন সড়কে নির্মাণাধীন একটি ব্রিজের জন্য রাখা বালুর স্তূপে পিছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাথী খাতুন নামে এক এনজিওকর্মী নিহত হন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক, আরেক এনজিওকর্মী আহত হন।