সারাদেশ
পরীক্ষা শেষে জাফলংয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর
পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহতরা একই বিদ্যালয়ের সহপাঠী ছিলেন। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ হওয়ার পর তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদ (১৬) নিহত হন।
গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও নূরজাহান হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান আহমেদ উরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬) মারা যান।
একসঙ্গে তিন সহপাঠীর মৃত্যুতে পরিবার, স্বজন, বিদ্যালয়, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।