সারাদেশ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা-গাড়ি ভাঙচুর, সারজিসসহ অনেকে আহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা-গাড়ি ভাঙচুর, সারজিসসহ অনেকে আহত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকদের কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এতে এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে ভাঙচুর করা হয়েছে। শুধু গাড়ি ভাঙচুরেই সীমাবদ্ধ না থেকে হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে বলে দাবি করেন তিনি। ঘটনার একটি ভিডিও তাদের কাছে রয়েছে বলেও জানান।