সারাদেশ

সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করতে যাওয়ায় কলিম উল্লাহ (৫৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই ছয়ফুল্লাহর বিরুদ্ধে।

শনিবার দুপুরে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলিম উল্লাহ ওই গ্রামের মৃত তুতি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার এক তরুণীকে ধর্ষণের অভিযোগ নিয়ে তার মা থানায় যান। ভুক্তভোগীর অভিযোগ, তার চাচাতো ভাই জুবেল আহমদ (২১) তাকে ধর্ষণ করেছেন। মৌখিক অভিযোগ পাওয়ার পর জুবেলকে আটক করতে দিঘিরপাড় গ্রামে যায় পুলিশ। এ সময় পুলিশ জানতে পারে, জুবেল গ্রামের পাশের হাওরে অবস্থান করছেন। পরে তাকে আটক করতে হাওরের দিকে রওনা হয় পুলিশ।

এদিকে থানায় অভিযোগ করার খবর পেয়ে জুবেলের বাবা ছয়ফুল্লাহ ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাবা কলিম উল্লাহর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় দা দিয়ে তার গলায় কোপ দেওয়া হয়। এতে গুরুতর আহত হন কলিম উল্লাহ।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, হামলাকারী ছয়ফুল্লাহ ও নিহত কলিম উল্লাহ আপন দুই ভাই। ছয়ফুল্লাহকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।