সারাদেশ

আজ টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ এএম

আজ টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রোববার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা ও চন্দনটুলা এলাকায় নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আম্বরখানা থেকে বিমানবন্দর সড়কের উত্তর পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগও বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর সড়ক এলাকায় ২, ৩ ও ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। আবিকা সিলেট উত্তরের নিয়ন্ত্রণাধীন এলাকায় এসব কাজ পরিচালিত হবে।

কাজ শেষ হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কারিগরি জটিলতা কিংবা আবহাওয়াজনিত কারণে নির্ধারিত সময়ের পরিবর্তন হতে পারে।

এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।