খেলা

রংপুর রাইডার্সের স্বপ্নভঙ্গ, শিরোপা উৎসব গায়ানার 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:৪০ এএম

রংপুর রাইডার্সের স্বপ্নভঙ্গ, শিরোপা উৎসব গায়ানার 
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগের ফাইনালে খেলেও এবার শিরোপা ধরে রাখতে পারল না রংপুর রাইডার্স। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দুর্দান্ত ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে হার মানতে হলো নুরুল হাসান সোহানের দলকে। ৩২ রানের জয়ে নিজেদের প্রথম শিরোপা তুলে নিয়েছে গায়ানা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন গায়ানার দুই ওপেনার জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ। লুইসকে দ্রুত হারালেও চার্লসের ৬৭ ও গুরবাজের ৫১ রানে ভর করে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রান, যা টুর্নামেন্টটির চলতি আসরে সর্বোচ্চ।

রংপুরের লক্ষ্য ছিল পাহাড়সম। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই রানআউট হয়ে ফিরে যান ওপেনার ইব্রাহিম জাদরান। এরপর একে একে সৌম্য সরকার ও কাইল মেয়ার্স বিদায় নিলে ব্যাটিং লাইনআপ পড়ে যায় চাপে।

মাঝখানে সাইফ হাসান ও ইফতিখার আহমেদের ৭৩ রানের জুটি কিছুটা আশা জাগিয়েছিল। তবে রানআউট ও এলবিডব্লিউর ফাঁদে পড়ে দুই সেট ব্যাটারই বিদায় নিলে আবারো বিপর্যয়ে পড়ে রংপুর।

 

cccccc.jpg
ছবি: সংগৃহীত

ইনিংসের শেষভাগে মাহিদুল ইসলাম অঙ্কনের ৩০ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস ম্যাচে কিছু উত্তেজনা ফেরালেও শেষরক্ষা হয়নি। রংপুর থেমে যায় ১৯.৫ ওভারে ১৬৪ রানে।

গায়ানার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করেন। ডুয়াইন প্রিটোরিয়াস, ইমরান তাহির ও গুড়াকেশ মোতি ছিলেন দুর্দান্ত। বিশেষ করে শেষ ওভারে মোতি তুলে নেন রংপুরের শেষ দুটি উইকেট।

গতবারের চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে এসেছিল রংপুর রাইডার্স। প্রথম রাউন্ডে দারুণ খেলেও ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি তারা। দ্বিতীয় আসরে শিরোপা জিতে গায়ানা প্রমাণ করল, নিজেদের মাটিতে তারা সেরা!