খেলা
হাসিনার জন্মদিনে সাকিবের শুভেচ্ছা, নেটিজেনদের ক্ষোভে তুমুল সমালোচনা
বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি সংক্ষেপে লিখেন— “শুভ জন্মদিন আপা”। কয়েক মুহূর্তের মধ্যেই পোস্টটি ব্যাপক আলোচনায় উঠে আসে। মন্তব্যের ঘরে নেটিজেনরা ক্ষোভ উগরে দিতে থাকেন এবং সাকিবের প্রতি তীব্র সমালোচনা শুরু হয়।
সমালোচকদের মধ্যে এস এম সাইফ মুস্তাফিজ লিখেছেন, “ভাবতেও লজ্জা হয়, এরকম একজন বেহায়া লোকের সমর্থক আমরা ছিলাম। হাসিনার সাথে এই নির্লজ্জ সাকিবকেও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা উচিত।”
রাইসুল ইসলাম মন্তব্য করেছেন, “শয়তান কোনোদিন ভালো হয় না।” আরেকজন, রায়হানুল কবীর লিখেছেন, “বদমাস, বেয়াদবদের আশ্রয়স্থল খুনি হাসিনা।”
জুনায়েদ শামস নামের একজন লিখেছেন, “লস প্রজেক্ট। আপা আর ফিরবে না ইনশাআল্লাহ।” কাশেম ফারুক মন্তব্য করেন, “কেবলই নামজটা পইড়া আইলাম। অযুডা আছে, তাই বেশি কিছু কইলাম না।”
এছাড়া মাহমুদুল হক জালীস তার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “নির্লজ্জতারও একটা সীমা থাকা দরকার ছিল। এত কিছুর পরও যার মধ্যে সামান্য অনুতাপের বোধ জাগ্রত হয়নি, তাকে কখনোই বাংলাদেশের জনতা ক্ষমা করবে না। সাকিব, আপনি অকৃতজ্ঞ।”
সাকিব আল হাসানের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, দেশের সংকটময় পরিস্থিতিতে এমন প্রকাশ্য শুভেচ্ছা জানানো একজন জাতীয় দলের ক্রিকেটারের জন্য অনভিপ্রেত। অন্যদিকে সমালোচনার ঝড়ে সাকিবের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।
শেখ হাসিনার জন্মদিনে সাকিবের সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তাই তাকে আবারও নেটিজেনদের তোপের মুখে ফেলেছে।