খেলা
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
আবারও প্রমাণ করলো টাইগাররা ঘুরে দাঁড়ানোর নামই বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় নিশ্চিত করলো সাকিব-নুরুলরা।
রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ, সিরিজটা শেষ করে ৩-০ ব্যবধানে।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একটু ধাক্কা খেলেও, সাইফ হাসানের আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ ঘুরে দাঁড়ায় টাইগাররা। ১৮তম ওভারে এসে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আগেই আউট হয়ে যান ওপেনার পারভেজ হোসেন (১৪), তবে তানজিদ হাসান খেলেন ৩৩ রানের কার্যকর ইনিংস। সাইফ হাসান ও জাকের আলী গড়ে তোলেন একটি গুরুত্বপূর্ণ জুটি, যা দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়।

শেষদিকে সাইফের ব্যাটে উঠে আসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। আহমেদজাইয়ের এক ওভারে ১৫ রান তুলে নেন তিনি, যার একটি ছক্কা গ্যালারির ছাদ ভেদ করে গিয়ে পৌঁছায় অর্ধশতকের মাইলফলকে। এরপর নুরুল হাসান একটি দৃষ্টিনন্দন ছক্কা মেরে ম্যাচ শেষ করেন।
এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান সংগ্রহ করে ২০ ওভারে ১৪৩ রান। দলের হয়ে দারউইশ রাসুলি করেন সর্বোচ্চ ৩২ রান, সেদিকউল্লাহ আতাল করেন ২৮, আর মুজিব উর রেহমান অপরাজিত থাকেন ২৩ রানে।

বাংলাদেশি বোলারদের মধ্যে শাইন করেন মোহাম্মদ সাইফউদ্দিন, নেন ৩টি উইকেট। পাশাপাশি নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিবের ঝুলিতে যায় ২টি করে উইকেট।
এই জয়ের মাধ্যমে ২০১৮ সালের দেরাদুনের হতাশা মুছে ফেলে টাইগাররা। সেবার আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২৩ সালে সিরিজ জয় এলেও ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের জবাব দেওয়া হয়নি। এবার সেই অসমাপ্ত কাজটুকু শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে ইতিহাস গড়লো বাংলাদেশ।