খেলা
শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্রিকেটার তার শততম টেস্টে মাঠে নামলেন-আর সেই ঐতিহাসিক ম্যাচটিকে আরও স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ এই টেস্টে তিনি দুর্দান্ত এক শতক তুলে ধরে জায়গা করে নিলেন বিশ্ব ক্রিকেটের অনন্য রেকর্ড বইয়ে।
দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন মুশফিক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে ৩৮ বছর বয়সি এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার প্রবেশ করলেন এক বিশেষ এলিট তালিকায়।
ইতিহাসের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক। তার আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে ২০০ রানের বিশাল ইনিংস খেলেছিলেন তিনি।
এছাড়া শততম টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকানোর বিরল রেকর্ড আছে কেবল রিকি পন্টিংয়ের দখলে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১২০ এবং দ্বিতীয় ইনিংসে ১৪৩* রান করে ইতিহাস গড়েছিলেন সাবেক অজি অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০০ রান। মুশফিকের সঙ্গে ক্রিজে আছেন লিটন দাস, যিনি ইতোমধ্যে ৫৪ রানে অপরাজিত। মুশফিকের অনবদ্য ইনিংসে ভর করে বাংলাদেশ শক্ত ভিত তৈরি করে এগোচ্ছে বড় সংগ্রহের দিকে।