খেলা
একটি দেশ ফেনসিডিল পাঠায়, আরেকটি ইয়াবা: বিসিবি পরিচালক আসিফ
বাংলাদেশের দুই স্থলসীমান্তবর্তী দেশ-ভারত ও মিয়ানমারকে ইঙ্গিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন, “একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা।” দেশের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসিফ আকবর এ বক্তব্য দেন।
এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী আসিফ বলেন, “বাচ্চারা যেন খেলাধুলায় আসে, মাদকের দিকে না যায়। কারণ আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের সীমান্ত-একটি দেশ পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা। আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকত, তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেত।”
তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে চলমান প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের কার্যকারিতা আগে তেমন পাওয়া যায়নি। তাই এটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে, যাতে ভবিষ্যতে আরও ফলপ্রসূ হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ও ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির সভাপতি রাশেদ ইকবাল। উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম এবং বিসিবির আম্পায়ার সাকির। এছাড়াও স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার ও আম্পায়াররা অনুষ্ঠানে অংশ নেন।