খেলা
রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজুর রহমান
আইপিএল নিলামে ইতিহাস গড়ে রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই তারকাকে পেতে নিলামে তুমুল লড়াই চলে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে।
শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কেকেআর। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা, যা আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।
এর মধ্য দিয়ে আইপিএল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ। এর আগে ২০০৯ সালে বাংলাদেশের আরেক তারকা পেসার মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান ডলার-রুপি বিনিময় হারে সেটির মূল্য দাঁড়ায় প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি। সেই রেকর্ডকে অনেক ব্যবধানে ছাড়িয়ে গেলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ।
এবার আইপিএলে ষষ্ঠ ভিন্ন দলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন। প্রতিটি দলেই নিজের বৈচিত্র্যময় বোলিং ও কাটারের জাদুতে রেখেছেন স্পষ্ট ছাপ।
আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। এসব ম্যাচে তিনি শিকার করেছেন ৬৫টি উইকেট। অভিজ্ঞতা, বৈচিত্র্য ও বড় ম্যাচের পারফরম্যান্সের কারণেই এবার নিলামে তার জন্য এত বড় অঙ্কের দর উঠেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মোস্তাফিজের এই নতুন অধ্যায় নিয়ে এখন থেকেই মুখিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।