খেলা
ভারতে না গেলে বাদ পড়বে বাংলাদেশ, খেলবে বিকল্প দল: আইসিসির সিদ্ধান্ত
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যদি নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারতে না যায়, তবে তাদের জায়গায় বিকল্প দল অংশগ্রহণ করবে। এই সিদ্ধান্ত আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ডসভায় নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে বাংলাদেশকে এক দিন সময় দেওয়া হয়েছে।
বিসিবি ইতিমধ্যেই নিরাপত্তার কারণে ভারতে দল না পাঠানোর ইঙ্গিত দিয়েছে। এ বিষয়ে বুধবার আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়, যেখানে বাংলাদেশকে না গেলে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আইসিসি জানিয়েছে, এই পদক্ষেপ কার্যকর করার আগে বাংলাদেশ সরকারকে সঙ্গে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র জানিয়েছে, যদি বাংলাদেশ অবশেষে ভারতে না যায়, তাহলে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে। আজ সন্ধ্যায় ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত আইসিসি সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ও অন্যান্য দেশগুলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন সংস্থার প্রধান নির্বাহী, ইভেন্ট প্রধান ও লিগ্যাল অফিসার।