খেলা

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ পিএম

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনি জটিলতায় জড়াতে পারেন তিনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে মো. সালাহউদ্দিন ভূঞা নামে এক ব্যবসায়ী রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে আসিফ আকবরের অনুরোধে একটি বড় অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন হয়।

অভিযোগ অনুযায়ী, ডা. কাজী মাজহারুল ইসলাম ও পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়। এর একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ নগদে প্রদান করা হয়।

অভিযোগকারী দাবি করেছেন, লেনদেনের পর আসিফ আকবর মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনো পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরতের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও তিনি সময়ক্ষেপণ করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

নিজের নিরাপত্তা বিবেচনায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় এনেছেন সালাহউদ্দিন ভূঞা। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা জিডিতে ডিউটি অফিসার হিসেবে আবু হানিফ স্বাক্ষর করেছেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে।

এদিকে, বিসিবির একজন পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ওঠায় ক্রীড়াঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বর্তমানে আসিফ আকবর লন্ডনে অবস্থান করছেন।