খেলা

আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে মেসির ‘বিদায়ী ম্যাচ’ নিয়ে শঙ্কা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম

আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে মেসির ‘বিদায়ী ম্যাচ’ নিয়ে শঙ্কা
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে ঘরের মাঠে লিওনেল মেসির প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ—ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলতে পারবেন তো মেসি? ইন্টার মায়ামির হয়ে লিগস কাপে চোট পাওয়ার পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

মায়ামির হয়ে নেকাক্সার বিপক্ষে খেলতে নামা মেসি মাঠে ছিলেন মাত্র ১২ মিনিট। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয় তাকে। প্রথম দিকে গুঞ্জন উঠেছিল, মেসিকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। কেউ কেউ বলেছিলেন, পুরো লিগস কাপেই আর দেখা যাবে না তাকে।

messi1_Dhakaprokash.jpg

তবে পরে ইন্টার মায়ামির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মেসির ডান পায়ের পেশিতে ‘সামান্য’ চোট ধরা পড়েছে। আশার কথা হলেও, নির্দিষ্ট করে কিছু বলেনি ক্লাবটি। মেসি কত দিনে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলা হয়নি। বিবৃতিতে কেবল বলা হয়েছে, মেসির অবস্থা চিকিৎসার অগ্রগতি ও তাঁর সাড়ার ওপর নির্ভর করছে।

মেসির এই অনিশ্চয়তার মধ্যেই সামনে চলে এসেছে জাতীয় দলের সূচি। আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। চার দিন পর ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। তবে দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনার বাইরে—গুয়াইয়াকিলে।

এই ম্যাচ দুটি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের অংশ হলেও আর্জেন্টিনা আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। কিন্তু ভেনেজুয়েলা ম্যাচটি আলাদা গুরুত্ব পাচ্ছে ভিন্ন কারণে—এটাই হতে পারে মেসির ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।

messi2_Dhakaprokash.jpg

আর্জেন্টিনার খেলা নিয়ে নিয়মিত বিশ্লেষণধর্মী প্রতিবেদন করা সাময়িকী ‘এল গ্রাফিকো’ বিষয়টি সামনে এনেছে। তারা বলছে, মেসি যদি সময়মতো ফিট না হতে পারেন, তাহলে এই বিদায়ী মুহূর্ত থেকে বঞ্চিত হতে পারেন আর্জেন্টিনার সমর্থকেরা।

এরপর আর্জেন্টিনার পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে আগামী বছরের মার্চে, যেখানে ‘ফিনালিসিমা’ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা স্পেনের সঙ্গে। সম্ভাব্য ভেন্যু মেক্সিকো সিটি। এরপর ২০২৬ বিশ্বকাপই মেসির জাতীয় দলের ক্যারিয়ারের শেষ ধাপ বলে ধারণা অনেকের।

ঘরের মাঠে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচটিতে উপস্থিত থাকতে চায় আর্জেন্টিনার হাজার হাজার সমর্থক। তারা চান, মেসি শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে তাদের সামনেই মাঠে নামুন। কিন্তু এখন সব নির্ভর করছে চোট থেকে তার সেরে ওঠার গতির ওপর।

এখন পর্যন্ত ইন্টার মায়ামির সূচি অনুযায়ী, মেসি ৭ আগস্ট পুমাসের বিপক্ষে এবং ১০ আগস্ট এমএলএসে অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, তাও অনিশ্চিত। এরপর এক সপ্তাহের বিরতিতে হয়তো সময় পাবেন পুনর্বাসনের জন্য।

এই সময়টুকু কি যথেষ্ট হবে বুয়েনস এইরেসে ৫ সেপ্টেম্বরের ম্যাচে নামার জন্য? উত্তর এখনই নেই। আর্জেন্টিনার ভক্তদের অপেক্ষা এখন কেবল একটাই প্রশ্নে—মেসিকে কি আরও একবার নিজ মাঠে, জাতীয় দলের জার্সিতে দেখা যাবে?