খেলা

এশিয়ান কাপের স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে রাতে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম

এশিয়ান কাপের স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে রাতে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের সামনে আজ এক গুরুত্বপূর্ণ সন্ধ্যা। ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

এই ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত ‘ডু অর ডাই’। জিতলে এখনও বাঁচবে এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার স্বপ্ন, হারলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা।

১৯৮০ সালে প্রথম এবং একমাত্রবারের মতো এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশ পুরুষ দল। এরপর কেটেছে দীর্ঘ ৪৫ বছর। এবার সেই ইতিহাস পাল্টানোর হাতছানি। বাংলাদেশের মেয়েরা ইতিমধ্যে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। এবার নজর ছেলেদের ওপর।

bd_hongkong1_Dhakaprokash.jpg

চার দলের গ্রুপে বাংলাদেশের এখন পর্যন্ত সংগ্রহ মাত্র ১ পয়েন্ট — ভারতের সঙ্গে গোলশূন্য ড্র, আর সিঙ্গাপুরের কাছে ২-১ গোলের পরাজয়।
অন্যদিকে, হংকং চায়না ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। আজকের জয় তাদের চূড়ান্ত পর্বের দিকেই এগিয়ে নেবে।

আজ ভারতের মুখোমুখি হবে সিঙ্গাপুর। ভারতেরও পয়েন্ট বাংলাদেশের সমান—১। ফলে গ্রুপে টিকে থাকতে দুই দলেরই জয়ের বিকল্প নেই।

বাংলাদেশের হয়ে আজকের মূল আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডার ইতোমধ্যেই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গতকাল অনুশীলন দেখতে স্টেডিয়ামের ফটকে ভিড় করেন শত শত সমর্থক। হামজার আত্মবিশ্বাসী ঘোষণা, “আমরা জিতমু”— ফুটবলপ্রেমীদের মাঝে বাড়িয়েছে আশার আলো।

হামজার সঙ্গে মাঝমাঠে আরও আছেন ফাহামিদুল ইসলাম ও শমিত সোম, যারা যথাক্রমে ইতালি ও কানাডায় বেড়ে উঠেছেন। এই শক্তিশালী মিডফিল্ডই আজ বাংলাদেশের ভরসার জায়গা।

bd_hongkong2_Dhakaprokash.jpg

বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার তপু বর্মণ ও তারিক কাজী, আর ফরোয়ার্ড আল আমিন চোটে ভুগছেন। তারা আজ মাঠে নামতে পারবেন কিনা, সে সিদ্ধান্ত নেবেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। তবে কোচ জানিয়েছেন, হাতে থাকা বিকল্প খেলোয়াড়দের নিয়েও তিনি আত্মবিশ্বাসী।

হংকংয়ের বিপক্ষে আগে কখনো জিততে পারেনি বাংলাদেশ। চারবার মুখোমুখি হয়ে হংকং জিতেছে তিনবার, একবার ড্র। প্রথম দেখায় ১৯৭৫ সালে মারদেকা কাপে ৯-১ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ।

বর্তমানে হংকং দলটি আগের চেয়ে অনেক শক্তিশালী। ব্রাজিল, স্পেন, জার্মানি, জাপান, ক্যামেরুনসহ বিভিন্ন দেশে বেড়ে ওঠা ১১ অভিবাসী ফুটবলার রয়েছে দলে, যারা হংকংয়ের নাগরিকত্ব গ্রহণ করে খেলছেন।

দলের ইংলিশ কোচ অ্যাশলে ওয়েস্টউড অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, “ফল নিয়ে আমি কিছু বলব না, কারণ সেটি বাংলাদেশের প্রতি অসম্মান হবে। তবে আমরা ভালো খেলার চেষ্টা করব। খারাপ খেললে হার নিশ্চিত।”

আজকের ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ। ১৮ হাজার সাধারণ এবং ১ হাজার ক্লাব হাউসের টিকিট আধা ঘণ্টায় বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বাফুফে। ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

তবে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফটক ভেঙে দর্শকদের মাঠে ঢুকে পড়ার ঘটনা আজকের ব্যবস্থাপনা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি করেছে। বাফুফে জানিয়েছে, তারা আগের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং আজ সুরক্ষায় কড়াকড়ি থাকবে।

সাম্প্রতিক অতীতে হংকংয়ের তুলনায় পিছিয়ে থাকলেও নিজেদের মাঠ, দর্শক ও কিছু নতুন মুখের আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। জয় পেলে আবারও জীবন্ত হবে এশিয়ান কাপে খেলার স্বপ্ন।