খেলা

ফুটবল ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার ক্রিস্টিয়ানো রোনালদো


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম

ফুটবল ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের নায়ক তিনি বহু আগেই, এবার আর্থিক সাম্রাজ্যেও গড়লেন ইতিহাস। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছেন বিশ্বের প্রথম বিলিয়ন ডলার সম্পদের মালিক ফুটবলার।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, রোনালদোর মোট সম্পদের পরিমাণ এখন দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার। এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ফুটবল মাঠের পারিশ্রমিক ছাড়াও বহু লাভজনক বাণিজ্যিক চুক্তি ও ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক।

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সৌদি ক্লাব আল-নাসর-এ যোগ দিয়েই রোনালদোর আয় আরও উর্ধ্বমুখী হয়। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার, যা তাকে ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার বানিয়েছে।

ronaldo1_Dhakaprokash.jpg

শুধু বেতনই নয়, আল-নাসরের পক্ষ থেকে তিনি পাচ্ছেন ১৫ শতাংশ ক্লাব শেয়ার এবং বার্ষিক ২৩৭.৫ মিলিয়ন ডলার সমপরিমাণ বোনাসসহ অন্যান্য সুবিধা।

২০০২ থেকে ২০২৩—এই সময়কালে বেতন ও অন্যান্য খাতে রোনালদোর আয় ছাড়িয়েছে ৫৫০ মিলিয়ন ডলার। তার সঙ্গে আছে নাইকি’র সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি, যা থেকে প্রতিবছর আয় করছেন ১৮ মিলিয়ন ডলার। এছাড়া আর্মানি, কাস্ট্রোলসহ একাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে আরও ১৭৫ মিলিয়ন ডলার আয় করেছেন।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও আয় করেছেন কর-পূর্ব প্রায় ৬০০ মিলিয়ন ডলার। তবে এখন পর্যন্ত বিলিয়ন ডলার ক্লাবে পা রাখেননি। রোনালদোই প্রথম ফুটবলার হিসেবে সেই ক্লাবে নাম লেখালেন।

ronaldo2_Dhakaprokash.jpg

রোনালদোর নাম এখন উঠে এসেছে বিশ্বের সফলতম ক্রীড়াবিদদের তালিকায়, যারা বিলিয়ন ডলার অর্জন করেছেন। এ তালিকায় আছেন:‍ মাইকেল জর্ডান, লেব্রন জেমস, ম্যাজিক জনসন, টাইগার উডস এবং রজার ফেদেরার।

মঙ্গলবার ফুটবল গ্লোবস গালা অনুষ্ঠানে রোনালদো জানান, বয়স ৪০ ছুঁয়েছে ঠিকই, তবে এখনও তার পায়ে জাদু শেষ হয়নি। “পরিবার বলে, তুমি তো ৯০০’র বেশি গোল করেছো, এবার থেমে যাও। কিন্তু আমি ভাবি, না। আমি এখনও উপভোগ করছি, ক্লাব ও জাতীয় দলের জন্য খেলছি। যত দিন পারি, চালিয়ে যেতে চাই।”