খেলা
ম্যাচ চলাকালীন হার্টঅ্যাটাকে কোচের মৃত্যু
ফুটবল মাঠে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সার্বিয়ার ক্লাব রাডনিকি ১৯২৩-এর বসনিয়ান কোচ ম্লাদেন জিজোভিচ ম্যাচ চলাকালীন হার্টঅ্যাটাকে মারা গেছেন। সোমবার সার্বিয়ান সুপার লিগায় ম্লাদস্ত লুকানির বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই কোচ। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ৪৪ বছর বয়সী জিজোভিচকে আর বাঁচানো যায়নি।
চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকরা। দেখা যায়, সাইডলাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেন এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিজোভিচ।

খেলার ৪১ মিনিটের মাথায় তার মৃত্যুর খবর পৌঁছালে, রাডনিকি তখন ২-০ গোলে এগিয়ে ছিল প্রতিপক্ষের বিপক্ষে। এরপরই ম্যাচটি স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
সম্প্রতি কোচিং ক্যারিয়ারে দারুণ সময় পার করছিলেন ম্লাদেন জিজোভিচ। গত অক্টোবরে রাডনিকির দায়িত্ব নিয়েছিলেন তিনি। এর আগে, ২০২৪-২৫ মৌসুমে তার অধীনে বসনিয়া ও হার্জেগোভিনার ক্লাব এফকে বোরাক উয়েফা কনফারেন্স লিগের শেষ ১৬ দলে জায়গা করে নেয়।