খেলা
শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ, আজারবাইজানের কাছে হারলো বাংলাদেশ
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে লড়াই করেও জয়হীন পথ চলা অব্যাহত থাকল বাংলাদেশের। মালয়েশিয়ার কাছে হারের পর আজও শক্ত প্রতিপক্ষ আজারবাইজানের কাছে ২–১ গোলে পরাজিত হয়েছে মনিকা–মারিয়ারা। যদিও ম্যাচের বেশির ভাগ সময়েই লড়াইয়ে ছিল স্বাগতিক দল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল আজারবাইজান।
১৬ মিনিটে শেভিঞ্জের ফ্রি-কিক রুখে দেন রুপনা চাকমা। কিন্তু তিন মিনিট পর আর পারেননি। সতীর্থের ক্রসে শেভিঞ্জের দুর্দান্ত হেডে এগিয়ে যায় আজারবাইজান। গোল করে আবেগে ভেসে যান। তিনি দর্শকদের সামনে তুলে ধরেন প্রয়াত মায়ের ছবিযুক্ত জার্সি; তাতে লেখা ছিল, “মা কখনও মরে না, তুমি সবসময় আমাদের হৃদয়ে।”
৩২ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরতে পারত। ঋতুপর্ণার থ্রু পাস ধরে মনিকা শট নিলেও আজারবাইজানের গোলকিপার তা প্রতিহত করেন। তবে এক মিনিট পরই বদলে যায় চিত্র। স্বপ্না রানীর কর্নার থেকে বল ফিস্ট করে দূরে পাঠান প্রতিপক্ষ গোলকিপার। কিন্তু বক্সের ভেতরেই বল পেয়ে যান মারিয়া মান্দা। নিখুঁত লফ্ট শটে ডিফেন্ডার–গোলকিপার সবাইকে পরাস্ত করে সমতার গোল করেন তিনি।

৩৮ মিনিটে আজারবাইজান আরও একবার আক্রমণে আসে। ইসরার দুর্দান্ত সুযোগটি রুপনার দারুণ ক্ষীপ্রতায় নষ্ট হয়।
বিরতির পর দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। কয়েকবার রুপনা বাধা হয়ে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি। ৮৩ মিনিটে বাম দিক থেকে ইয়েলিজের ক্রসে দৌড়ে এসে মানিয়া ইসরার জোরালো শট জাল খুঁজে নেয়। এই গোল আর শোধ করতে পারেনি বাংলাদেশ।
শেষ পর্যন্ত ২–১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল, যদিও পুরো ম্যাচে লড়াই করেছে সম্মানজনকভাবে।