খেলা

রাতে মুখোমুখি হচ্ছে হালান্ড–ভিনি, ইতিহাস ভাঙার মিশনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম

রাতে মুখোমুখি হচ্ছে হালান্ড–ভিনি, ইতিহাস ভাঙার মিশনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের মূল আকর্ষণ দুই তারকা ফরোয়ার্ড—ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র ও নরওয়ের আর্লিং হালান্ড।

নরওয়ের বিপক্ষে অতীত পরিসংখ্যানে পিছিয়ে ব্রাজিল। দুই দলের চার দেখায় একবারও জয় পায়নি সেলেসাওরা; দুটি ম্যাচে হার এবং বাকি দুটি ড্র। তাই পঞ্চম দেখায় সেই রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই মাঠে নামছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে এবং মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপসেরা হয় ব্রাজিল। এরপর রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

অন্যদিকে, ইরাক ও সেনেগালকে হারিয়ে এবং ফ্রান্সের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় নরওয়ে। পরে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেয় ভাইকিংরা।

নরওয়ের সবচেয়ে বড় শক্তি আর্লিং হালান্ড। অভিষেক বিশ্বকাপেই ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ইতোমধ্যে করেছেন পাঁচ গোল, যা দলের মোট গোলের অর্ধেক। আক্রমণে তাকে সহায়তা করবেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

অন্যদিকে, ব্রাজিলের আক্রমণের নেতৃত্বে আছেন ভিনিসিউস জুনিয়র। এবারের আসরে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। পাশাপাশি ২০০২ সালের রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টানা তিনটি গ্রুপ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন এই ফরোয়ার্ড। উল্লেখ্য, ২০০২ সালেই সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

নরওয়ের কোচ স্তালে সলবাক্কেন, যিনি ১৯৯৮ সালে ব্রাজিলকে হারানো দলের সদস্য ছিলেন, আশাবাদী এবারও চমক দেখাতে পারবেন তারা। তার ভাষায়, ব্রাজিল ফেভারিট হলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে নরওয়ে।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে ব্রাজিলই এগিয়ে। নির্ধারিত সময়ে তাদের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ ধরা হয়েছে।

এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।

সম্ভাব্য একাদশ-

ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস; গিমারায়েস, ক্যাসেমিরো, মার্তিনেল্লি; রায়ান, কুনহা ও ভিনিসিউস জুনিয়র।

নরওয়ে (৪-৩-৩): নিয়াল্যান্ড; পেডারসেন, আজের, হেগেম, মোলার উলফে; ওডেগার্ড, বের্গে, বার্গ; সোরলথ, হালান্ড ও নুসা।