খেলা

আমরা সেই প্রজন্মই হয়ে থাকব, যারা বিশ্বকাপ জেতেনি: ক্যাসিমিরো


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম

আমরা সেই প্রজন্মই হয়ে থাকব, যারা বিশ্বকাপ জেতেনি: ক্যাসিমিরো
ছবি: সংগৃহীত

আরও একবার বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। একসময় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল হলেও ২০০২ সালের পর টানা ছয়টি আসরে শিরোপাহীন থেকে ফিরতে হয়েছে সেলেসাওদের।

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোতে ২-১ গোলে হেরে এবারের আসর থেকেও বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচই ছিল দলের কয়েকজন তারকার জন্য শেষ বিশ্বকাপ, যার মধ্যে নেইমার ও কাসেমিরো অন্যতম।

হতাশার এই মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি দলের খেলোয়াড়রা। ম্যাচ শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। একইভাবে গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে নিজেকে সামলাতে পারেননি কাসেমিরোও।

কাসেমিরো বলেন, ‘কী বলব বুঝতে পারছি না। এটা খুবই কঠিন। আমরা আমাদের স্বপ্ন হারিয়ে ফেলেছি।’ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকে প্রতিটি ব্রাজিলিয়ান শিশুর স্বপ্ন থাকে বিশ্বকাপ জেতার। আমি তিনবার সেই সুযোগ পেয়েছি, এজন্য নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এবং আমার সতীর্থরা একসঙ্গে যা করেছি, তাতে আমি গর্বিত।’

আবেগাপ্লুত কাসেমিরো আরও যোগ করেন, ‘আমরাই সেই প্রজন্ম, যারা বিশ্বকাপ জিততে পারিনি। আমরা চেষ্টা করেছি, কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমরা আমাদের দেশের মানুষকে হতাশ করেছি।’

শেষে পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জীবন চলবে, কিন্তু এই মুহূর্তে আমি আমার পরিবার ও সন্তানদের পাশে থাকতে চাই। আমি দুঃখিত।’