খেলা

বিশ্বকাপের নকআউটে শেষবার ইংল্যান্ডকে হাতের গোলে হারিয়েছিল আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম

বিশ্বকাপের নকআউটে শেষবার ইংল্যান্ডকে হাতের গোলে হারিয়েছিল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দীর্ঘ বিরতির পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আগামী ১৬ জুলাই আটলান্টায় সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২০০২ সালের পর এই প্রথমবার বিশ্বকাপে দুই দলের দেখা হচ্ছে।

২০০২ সালে গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছিলেন ডেভিড বেকহ্যাম। তবে নকআউট পর্বে দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৮৬ সালে, যেখানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত লড়াই। এর পেছনে ছিল রাজনৈতিক ও আবেগঘন প্রেক্ষাপট। এর চার বছর আগে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল, যা ফুটবল ম্যাচটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে আর্জেন্টিনার অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা করেন দুটি ঐতিহাসিক গোল। ৫১তম মিনিটে তার করা প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে লাফিয়ে উঠে ম্যারাডোনা হাতে বল ঠেলে জালে পাঠান, যা রেফারির চোখ এড়িয়ে বৈধ গোল হিসেবে গণ্য হয়।

ম্যাচ শেষে ম্যারাডোনা মজা করে বলেছিলেন, গোলটি ‘কিছুটা তার মাথা দিয়ে, আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’ হয়েছে। এরপর আরেকটি দুর্দান্ত গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি। সেই বিশ্বকাপে শেষ পর্যন্ত শিরোপাও জেতে আর্জেন্টিনা।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে সামগ্রিক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড। তবে নকআউট পর্বে স্মরণীয় দুই ম্যাচ—১৯৮৬ ও ১৯৯৮—দুটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

১৯৯৮ সালের শেষ ষোলোর ম্যাচে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে মাইকেল ওয়েনের অসাধারণ গোল ও ডেভিড বেকহ্যামের লাল কার্ড ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

বিশ্বকাপে দুই দলের আগের পাঁচ দেখার ফলাফল-

১৯৬২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা
১৯৬৬ (কোয়ার্টার ফাইনাল): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা
১৯৮৬ (কোয়ার্টার ফাইনাল): আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড
১৯৯৮ (শেষ ষোল): আর্জেন্টিনা ২-২ ইংল্যান্ড (টাইব্রেকারে ৪-৩ জয়)
২০০২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা

দীর্ঘ প্রায় চার দশক পর আবারও নকআউট পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ফলে ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা, আর নতুন করে আলোচনায় এসেছে ম্যারাডোনার সেই ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল।