খেলা

বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এবার চিলির কোলো কোলোতে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এবার চিলির কোলো কোলোতে
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বিশ্বকাপে অভিষেকেই দারুণ নৈপুণ্য দেখিয়ে ফুটবল বিশ্বে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বিশ্বকাপের পারফরম্যান্সের পরই তাকে দলে ভেড়াতে আগ্রহী হয়ে ওঠে ক্লাবটি।

৪০ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই নজর কাড়েন ভোজিনিয়া। তার অসাধারণ গোলরক্ষণে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা কেপ ভার্দে জায়গা করে নেয় শেষ ৩২-এ। কোলো কোলোর পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে সম্ভাব্য এই দলবদলের আভাস দেওয়া হয়েছে।

বিশ্বকাপে চার ম্যাচে মোট ১৮টি সেভ করেন এই অভিজ্ঞ গোলরক্ষক। এর মধ্যে ফাইনালে ওঠা স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষেই ছিল ১৫টি সেভ। তার দৃঢ় পারফরম্যান্সে নির্ধারিত সময়ে কোনো ম্যাচেই হারেনি কেপ ভার্দে। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি জায়গা করে নেন ফিফার টুর্নামেন্ট সেরাদের দলে।

বিশেষ করে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে সাতটি সেভ করে বিশ্বকাপে অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ক্লিনশিট রাখার রেকর্ড গড়েন ভোজিনিয়া। আর শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হারলেও আটটি সেভ করে প্রশংসা কুড়ান তিনি। তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন লিওনেল মেসিসহ ফুটবল বিশ্বের অনেক তারকা।

ভোজিনিয়ার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। বিশ্বকাপ চলাকালে তিনি ছিলেন মুক্ত খেলোয়াড়, কারণ পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

ক্যারিয়ারের শুরুতে এক সতীর্থের সঙ্গে একই নাম হওয়ায় বিভ্রান্তি এড়াতে ‘ভোজিনিয়া’ নামটি গ্রহণ করেন তিনি। শৈশবে দাদা-দাদির দেওয়া ডাকনাম থেকেই এই নামের উৎপত্তি।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পান এই গোলরক্ষক। তার অনুসারীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখে পৌঁছেছে। কোলো কোলোর সঙ্গে সমঝোতার আগে যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিও তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল।

চিলির রাজধানী সান্তিয়াগোভিত্তিক কোলো কোলোর আর্জেন্টাইন কোচ ফার্নান্দো অর্টিজের অধীনে খেলবেন ভোজিনিয়া। আসন্ন কোপা লিবার্তাদোরেসকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।