খেলা

ভিনিসিয়ুসকে দলে টানতে ২ হাজার ১৪২ কোটি টাকার প্রস্তাব আর্সেনালের


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

ভিনিসিয়ুসকে দলে টানতে ২ হাজার ১৪২ কোটি টাকার প্রস্তাব আর্সেনালের
ছবি: সংগৃহীত

ইউরোপের দলবদলের বাজারে নতুন চমকের ইঙ্গিত মিলছে। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে রেকর্ড অঙ্কের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল। প্রায় ১৫০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ১৪২ কোটি টাকা, ব্যয় করে এই ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী লন্ডনের ক্লাবটি।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিনিসিয়ুসের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আর্সেনাল। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সেটিই হবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দলবদল।

এর আগে সবচেয়ে বেশি অর্থ ব্যয়ের রেকর্ড গড়েছিল লিভারপুল। ক্লাবটি আলেকজান্ডার ইসাককে দলে ভেড়াতে ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল।

এদিকে, ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা জটিল হয়ে উঠেছে। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুম শেষে। নতুন চুক্তিতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বর্তমানে তিনি বছরে প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক পান। তবে নতুন চুক্তিতে তার দাবি বছরে ২৫ মিলিয়ন পাউন্ডের বেশি। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ বছরে প্রায় ১৯ মিলিয়ন পাউন্ডের বেশি দিতে আগ্রহী নয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

বেতন নিয়ে এই ব্যবধানই আর্সেনালের জন্য সুযোগ তৈরি করেছে। শুধু বড় অঙ্কের দলবদল মূল্যই নয়, ভিনিসিয়ুসকে দলে আনতে নিজেদের বেতন কাঠামোতেও বড় পরিবর্তন আনতে প্রস্তুত ক্লাবটি।

আর্সেনালের পরিকল্পনা অনুযায়ী, ভিনিসিয়ুসকে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের কাতারে রাখা হবে। বর্তমানে ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় বুকায়ো সাকা, যিনি সপ্তাহে প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন।

ভিনিসিয়ুস আর্সেনালে যোগ দিলে তিনি ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডকেও পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে যেতে পারেন। বর্তমানে হালান্ড সপ্তাহে প্রায় ৫ লাখ ২৫ হাজার পাউন্ড আয় করে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন।