খেলা
উপজেলা বিএনপি নেতার ছেলের বিয়েতে তামিম-আমিনুল, নতুন আলোচনা শুরু
সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে একাধিক অভিযোগ তুলে শেষ মুহূর্তে (১ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তামিম।
তামিমের অভিযোগ, বিসিবি নির্বাচন ঘিরে ছিল অনিয়ম ও সরকারি হস্তক্ষেপ। এই প্রক্রিয়াকে তিনি দেশের ক্রিকেটের জন্য ‘একটি কালো দাগ’ হিসেবেও আখ্যা দেন। মনোনয়ন প্রত্যাহারের পর তামিম বলেন, “আমি শুরু থেকেই বলে আসছি এই নির্বাচনটা কীভাবে হচ্ছে, তা নিয়ে সবাই এখন পরিষ্কার। আমি শুধু এটুকুই বলবো যদি বর্তমান বোর্ড সদস্যরা এভাবেই নির্বাচন করতে চান, তাহলে করতেই পারেন, জিততেও পারেন। কিন্তু আজ ক্রিকেট হেরে গেছে।”
মনোনয়ন প্রত্যাহারের কিছুক্ষণ পরই এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানান, তিনি সেদিন বিকেলের ফ্লাইটে দেশ ছাড়ছেন। পাশাপাশি দেশবাসীর উদ্দেশে অনুরোধ রেখে বলেন, “ক্রিকেটকে বাঁচানোর জন্য আপনারা প্রতিবাদ করুন, যদি মনে করেন আমি যা বলেছি তা ঠিক।”
তবে ঠিক সেই সময়ই নতুন করে আলোচনায় আসেন তামিম। কারণ বিকেলের ফ্লাইটে দেশ ছাড়ার কথা বললেও রাজধানীর গলফ ক্লাবে অনুষ্ঠিত একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাকে দেখা যায় খোশমেজাজে উপস্থিত থাকতে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহ আলমের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তামিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তামিম সেখানে অতিথিদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন। অনুষ্ঠানে বিএনপির আরও কয়েকজন সিনিয়র নেতাও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে আমিনুল হক লেখেন, “বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম ভাইয়ের ছেলের শুভবিবাহ অনুষ্ঠানে আমাদের উপস্থিতি স্মরণীয় হয়ে রইল। নবদম্পতির জন্য অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা রইল।”
তবে এ অনুষ্ঠানের পর তামিম সত্যিই বিদেশ গেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে শুধু তামিমই নন, আরও কয়েকজন ‘হেভিওয়েট’ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। জানা গেছে, এদের মধ্যে বেশ কয়েকজন বিএনপি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। নির্বাচনের প্রচারে নামার আগেই রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে সরে দাঁড়ান তারা।