খেলা
হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর
হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। একই সঙ্গে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতেও আর মাঠে নামা হচ্ছে না তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। পরীক্ষায় তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও ল্যাটারাল মিনিস্কাসে চোট ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচে চোট পান রদ্রিগো। যদিও ম্যাচটির আগেও হাঁটুর ব্যথায় ভুগছিলেন তিনি।
২০১৯ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া রদ্রিগো ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। আসন্ন বিশ্বকাপেও কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ছিলেন এই তারকা। তবে আকস্মিক এই চোটে টানা দ্বিতীয় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেল তার।