খেলা

ব্রাজিল দেখিয়েছে তাদের বুকে কেন পাঁচ তারকা: রোমারিও 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:১৪ পিএম

ব্রাজিল দেখিয়েছে তাদের বুকে কেন পাঁচ তারকা: রোমারিও 
ছবিঃ সংগৃহীত

১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলকে চতুর্থ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও মনে করেন, স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় সেলেসাওদের আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে দিয়েছে। রাজনীতিতে সক্রিয় থাকলেও এখনো ব্রাজিল জাতীয় দলের খেলা নিবিড়ভাবে অনুসরণ করেন তিনি।

নিজের কলামে রোমারিও লিখেছেন, ম্যাচের শুরু থেকেই ব্রাজিল পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং প্রথম ম্যাচের তুলনায় স্পষ্ট উন্নতির ছাপ দেখিয়েছে। তার মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ধাপে ধাপে উন্নতি করাই সফলতার চাবিকাঠি। কারণ শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়ন হয়, যারা সময়ের সঙ্গে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে পারে।

ব্রাজিলের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রোমারিও বলেন, দলটি আবারও নিজেদের আসল রূপের আভাস দিয়েছে। আক্রমণাত্মক ফুটবল, আত্মবিশ্বাসী খেলা এবং উপভোগ্য পারফরম্যান্সে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরিচয় ফুটে উঠেছে। তবে এখনও অনেক পথ বাকি, তাই ধারাবাহিক উন্নতির ওপর জোর দিয়েছেন তিনি।

বিশেষভাবে প্রশংসা করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের। রাফিনিয়ার অনুপস্থিতিতে ভিনি আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন এবং গোল করার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকাও পালন করছেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া গোলরক্ষক অ্যালিসনের গুরুত্বপূর্ণ সেভ, ব্রুনো গিমারায়েসের মিডফিল্ড নিয়ন্ত্রণ, দানিলোর উন্নত পারফরম্যান্স এবং তরুণ রায়ানের সম্ভাবনাও তার নজর কেড়েছে।

নেইমারকে আবার মাঠে দেখে আনন্দ প্রকাশ করে রোমারিও বলেন, পুরোপুরি ফিট হয়ে উঠলে তিনি দলের জন্য আরও বড় অবদান রাখতে পারবেন। একই সঙ্গে কোচ কার্লো আনচেলত্তির প্রশংসা করে তিনি বলেন, তার অধীনে দল আরও সুসংগঠিত হয়েছে এবং সঠিক সমন্বয় খুঁজে পেয়েছে।

রোমারিওর বিশ্বাস, স্কটল্যান্ডের বিপক্ষে এই জয় ব্রাজিলের জন্য আত্মবিশ্বাস ফেরানোর একটি গুরুত্বপূর্ণ ধাপ। সামনে কঠিন চ্যালেঞ্জ থাকলেও দলটি ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরে যাচ্ছে।