বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

বিশ্বজুড়ে ইন্টারনেট বিভ্রাট, আড়াই ঘণ্টা অচল স্টারলিংক


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৯:০০ এএম

বিশ্বজুড়ে ইন্টারনেট বিভ্রাট, আড়াই ঘণ্টা অচল স্টারলিংক
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। কারণ, মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক সার্ভিসে ঘটে যায় নজিরবিহীন এক বিভ্রাট। প্রায় আড়াই ঘণ্টা ধরে স্থায়ী এই সমস্যায় ক্ষতিগ্রস্ত হয় ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৬০ লাখ ব্যবহারকারী।

বিশ্বব্যাপী এই ইন্টারনেট বিভ্রাট শুরু হয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা)। বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যে দেখা গেছে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেখানে ৬১ হাজারেরও বেশি বিভ্রাট-সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, মূল নেটওয়ার্ক পরিচালনাকারী অভ্যন্তরীণ সফটওয়্যারে সমস্যা দেখা দেওয়াতেই এই বিপর্যয় ঘটে। তিনি বলেন, “এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং স্পেসএক্স প্রধান ইলন মাস্ক এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে সরাসরি দুঃখ প্রকাশ করে লেখেন, “এই বিভ্রাটের জন্য দুঃখিত। আমরা এর মূল কারণ চিহ্নিত করে স্থায়ীভাবে সমাধান করব।”

বিশ্লেষকদের মতে, স্টারলিংকের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। সফটওয়্যার ত্রুটি ছাড়াও ব্যর্থ সিস্টেম আপডেট কিংবা সম্ভাব্য সাইবার আক্রমণকেও সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে স্পেসএক্স পৃথিবীর নিম্ন কক্ষপথে ইতোমধ্যে ৮ হাজারেরও বেশি স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করেছে। এসব স্যাটেলাইটের মাধ্যমে তারা বিশ্বব্যাপী, বিশেষ করে দুর্গম অঞ্চলগুলোতে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। গ্রামাঞ্চল, সামরিক বাহিনী ও পরিবহন খাতে এই সেবার চাহিদা দিন দিন বেড়েই চলেছে।