বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
সবার জন্য উন্মুক্ত হলো গুগলের ভিডিও তৈরির এআই অ্যাপ ‘ভিডস’
ভিডিও তৈরি এখন আরও সহজ। কারণ সবার জন্য উন্মুক্ত হয়ে গেল গুগলের এআইভিত্তিক ভিডিও নির্মাণ অ্যাপ ‘ভিডস’। এত দিন এই অ্যাপ ব্যবহারের সুযোগ ছিল শুধু গুগল ওয়ার্কস্পেস ও এআই প্ল্যান গ্রাহকদের জন্য।
তবে এবার সাধারণ ব্যবহারকারীরাও টেমপ্লেট, স্টক ভিডিও, সাউন্ড ও কনটেন্ট সাজানোর নানা এআই সুবিধা কাজে লাগিয়ে নিজেরাই ভিডিও বানাতে পারবেন।
গুগল প্রথমে গত বছর পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে এই অ্যাপ চালু করেছিল। অ্যাপটির মূল উদ্দেশ্য—অল্প সময়ে, ঝামেলাহীনভাবে এবং কম খরচে মানসম্মত ভিডিও তৈরি করা।
ব্যবহারকারী কেবল নিজের স্ক্রিপ্ট বা বক্তব্য লিখে দিলেই, এআই নিজেই সাজিয়ে দেবে ভিডিওর সম্ভাব্য দৃশ্য, স্টক ছবি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক। গুগল ওয়ার্কস্পেসের মাধ্যমে চাইলে স্টোরিবোর্ড-ও এআই তৈরি করে দেবে। ফলে, ভিডিও বানানোর জন্য আলাদা করে ক্যামেরা, লোকেশন বা প্রোডাকশন টিমের দরকার নেই।
তবে উন্মুক্ত সংস্করণে কিছু সীমাবদ্ধতা থাকছেই। এখনই পাওয়া যাবে না এআই-চালিত অ্যাভাটার সুবিধা, যেটি ব্যবহারকারীর হয়ে স্ক্রিপ্ট পড়ে শোনাতে পারে। তবে এক্ষেত্রেও ব্যবহারকারীরা ৮ সেকেন্ড পর্যন্ত ক্লিপ বানাতে পারবেন, যা সহজেই প্রেজেন্টেশনে যুক্ত করা যায়।
গুগলের পণ্য বিভাগের পরিচালক বিষ্ণু শিবাজি জানিয়েছেন, “প্রথাগত উপায়ে ১০ মিনিটের একটি প্রফেশনাল ভিডিও তৈরি করতে কয়েক হাজার ডলার খরচ হয়, সময় লাগে মাসের পর মাস। অথচ ভিডসের মতো টুল ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো এখন সেটা করতে পারবে অনেক সহজে, অনেক কম খরচে।”