বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
মহাজাগতিক দৃশ্য: রবিবার অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর)। এটি হবে আংশিক সূর্যগ্রহণ, যেটি পৃথিবীর একটি নির্দিষ্ট অংশে দেখা যাবে।
ভারতীয় পঞ্জিকা অনুসারে, ওইদিন থাকবে অমাবস্যা। এর আগে ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদের’ অসাধারণ দৃশ্য উপভোগ করেছিল বিশ্ববাসী। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এবার আকাশে আরও একটি মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রবিবার রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে। মোট সময়কাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
তবে সময়টি রাতে হওয়ায় বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণটি দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অংশে।
আংশিক সূর্যগ্রহণে চাঁদ সূর্যের পুরো অংশ না ঢেকে কেবল একটি অংশ ঢেকে দেয়, ফলে সূর্য কিছুটা অন্ধকার দেখায়। এই গ্রহণের সময় পৃথিবীর আংশিক অংশে আলো কমে আসে, এবং দিনেও একটি ধূসর পরিবেশ সৃষ্টি হয়।
যদিও বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না, তারপরও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মধ্যে রয়েছে উৎসাহ ও আগ্রহ।