পর্যটন
টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন দায়ে ৫ পর্যটকের কারাদণ্ড
টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের কারণে পাঁচজন পর্যটককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন আহমেদ মাহফুজ, আনাফ রাজিন, তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত এবং নাসির হোসাইন, যারা সবাই শিক্ষার্থী।
মধ্যনগর উপজেলার বাজারের নৌকা ঘাট এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। ইউএনও উজ্জ্বল রায় জানান, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা এই পর্যটকরা নৌকা ঘাট এলাকায় গাঁজা সেবন করছিলেন এবং উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারায় এবং মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে এই শাস্তি প্রদান করে।
ইউএনও আরও বলেন, টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকদের অবশ্যই নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।