পর্যটন
সংযুক্ত আরব আমিরাত আবারও বাংলাদেশিদের দিচ্ছে ভিজিট ভিসা
বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হলো সংযুক্ত আরব আমিরাতের ভিজিট (ভ্রমণ) ভিসা। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি জানান, এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে।
রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের টানা কূটনৈতিক প্রচেষ্টার ফলে ভিসা ইস্যুতে অগ্রগতি এসেছে। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে দলভিত্তিক (বাল্ক) ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এছাড়া, দক্ষ পেশাজীবীদের জন্য পুনরায় চালু হয়েছে অনলাইন এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা—যার আওতায় ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের ভিসা ইস্যু করা হয়েছে।
আলহামুদি জানান, নিরাপত্তা খাতে নিয়োগের জন্য ইতোমধ্যে ৫০০ জনের ভিসা দেওয়া হয়েছে এবং আরও ১,০০০ জনের ভিসা অনুমোদনপ্রাপ্ত।
বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার কথাও জানান। বৈঠকের শেষে জানানো হয়, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।