শিল্প-সংস্কৃতি
ছায়ানট সংগীতবিদ্যায়তনের সমাবর্তন শুক্রবার
ছায়ানট সংগীতবিদ্যায়তনের দশ বছরের সমাপনী অনুষ্ঠান শুক্রবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এতে ১৪২১ থেকে ১৪৩০ শিক্ষাবর্ষের মোট ৪৮০ জন শিক্ষার্থী তাদের শিক্ষাসমাপনী অভিজ্ঞানপত্র গ্রহণ করবেন।
সংগঠনের বরাতে জানানো হয়েছে, সমাবর্তন ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে বিকাল সাড়ে ৪টায় শুরু হবে। মহামারী ও দেশের বিশেষ পরিস্থিতির কারণে গত দশ বছর ধরে শিক্ষার্থীদের সমাবর্তন একযোগে আয়োজন করা সম্ভব হয়নি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ষাট থেকে আশির দশকের প্রসিদ্ধ রবীন্দ্রসংগীত শিল্পী অধ্যাপক ফাহ্মিদা খাতুন। সমবেত সবাইকে স্বাগত জানাবেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, এবং সভাপতিত্ব করবেন সভাপতি সারওয়ার আলী।
ছায়ানট জানিয়েছে, এই সমাবর্তন শিক্ষার্থীদের জন্য শুধু সনদপত্র গ্রহণের অনুষ্ঠান নয়, দীর্ঘ সময় ধরে সঙ্গীত শিক্ষা অব্যাহত রাখার এক প্রতীকী মুহূর্তও বটে।