ক্যাম্পাস
রাকসু নির্বাচনের তফসিল ৩০ জুনের মধ্যে ঘোষণা
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল আগামী ৩০ জুনের মধ্যেই প্রকাশ করা হবে। নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাকসু নির্বাচন কমিশনের সদস্য মোস্তফা কামাল।
তিনি জানান, “নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তফসিল ঘোষণার আগে আমরা ২৫ জুনের মধ্যে ক্যাম্পাসের বড় ছাত্র সংগঠন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবো।”
কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ভোটারদের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে, যা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা দ্রুতই প্রকাশ করা হবে।
এদিকে, নির্বাচনের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “সকল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কার করে তফসিল ঘোষণা করা উচিত।”
শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ফুয়াদ রাতুল বলেন, “রাকসু নির্বাচনের উদ্যোগ আমাদের আনন্দিত করেছে। তবে প্রশাসন কিছু প্রাথমিক কাজ শেষ না করেই তফসিল ঘোষণার পথে এগোচ্ছে। এখনো সংশোধিত গঠনতন্ত্র উন্মুক্ত হয়নি। গঠনতন্ত্র, আচরণবিধি ও নীতিগত বিষয়গুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন। এসব অসম্পূর্ণতা সার্বজনীন রাকসু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।”
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে এবং এ পর্যন্ত মোট ১৪টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। এরপর দীর্ঘ সময় ধরে রাকসু নির্বাচন অনুপস্থিত ছিল, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এসেছে।