ক্যাম্পাস
রাবির হল ছাত্র সংসদ নির্বাচনে ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল ছাত্র সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৬ জন এবং ছেলেদের একমাত্র হলে ৩ জন জয়ী হয়েছেন। তবে মেয়েদের ৪টি হলে কিছু পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় পদগুলো ফাঁকা থাকছে।
রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. সেতাউর রহমান সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন রয়েছেন।
এছাড়া, বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে একজন প্রার্থী না থাকায় পদটি ফাঁকা থাকবে। একইভাবে, রোকেয়া, জুলাই-৩৬ এবং রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি। মোট চারটি পদ ফাঁকা থাকায় এসব পদ পূরণ করা সম্ভব হবে না। এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, “যে পদগুলো ফাঁকা রয়েছে, সেগুলো ছাড়াই হল সংসদ কার্যক্রম চলবে। অন্য কোনোভাবে পদগুলো পূরণ করার উপায় নেই।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন প্রার্থী রয়েছেন।
কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়েদের ৬টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদেও ১৬ জন এবং এজিএস পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।