ক্যাম্পাস

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সাত দিনব্যাপী স্থাপত্য প্রদর্শনী ‘স্থাপত্য ভাবনা’


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সাত দিনব্যাপী স্থাপত্য প্রদর্শনী ‘স্থাপত্য ভাবনা’
ছবি: ঢাকাপ্রকাশ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সাত দিনব্যাপী স্থাপত্য বিষয়ক সেমিনার ও আউটডোর প্রদর্শনী ‘স্থাপত্য ভাবনা’। গত ২৭ অক্টোবর শুরু হয়ে প্রদর্শনীটি চলে ২ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের বাস্কেটবল মাঠে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেন স্থাপত্য বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাঁরা নিজেদের স্টুডিও প্রজেক্ট, স্থাপত্য মডেল ও নগর পরিকল্পনার নকশা প্রদর্শন করেন।

প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর বি. সি. বসাক। এ সময় উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সোনিয়া আফরিন, বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, “স্থাপত্য কেবল সৌন্দর্যের প্রকাশ নয়; এটি মানুষের জীবন, সমাজ ও পরিবেশের বাস্তব সমস্যার সমাধানের একটি কার্যকর মাধ্যম।”

তাঁরা শিক্ষার্থীদের টেকসই চিন্তা, নকশার সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার প্রশংসা করেন।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল স্থাপত্য বিভাগের ৮৩ ব্যাচের শিক্ষার্থীদের নকশায় নির্মিত তিনটি রিয়েল স্কেল সিটিং ইনস্টলেশন। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম এবং সহকারী অধ্যাপক মুজাইয়ানা নওমী খান।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের সৃজনশীল কাজের মধ্য দিয়ে স্থাপত্যচর্চা নিয়ে মুক্ত মতবিনিময় ও আলোচনা তৈরিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

একই দিনে বিকেলে অনুষ্ঠিত হয় সেমিনার ‘Threads of Community: Architecture, Culture, Identity’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম। তিনি কমিউনিটি–ভিত্তিক স্থাপত্য, সংস্কৃতি ও পরিচয়ের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেন।

সেমিনারে অংশ নিয়ে স্থপতি মশিউর রহমান পবিত্র বলেন, “পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ডিজাইন করার সময় বুঝেছি- একটি ইটালিয়ান কমোডের দামই (ভ্যাটসহ) ৮৬ হাজার টাকা, যা একটি নিম্নবিত্ত পরিবারের পুরো বাড়ি তৈরির সমান। স্থপতিদের সমাজের বাস্তবতার সঙ্গে প্রাসঙ্গিক ও মানবিক স্থাপত্যচর্চা আরও বিস্তৃত করতে হবে।”

সেমিনারে বিভাগের ছয়জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও কমিউনিটি প্রকল্পের কাজ উপস্থাপন করেন। তাঁদের বক্তব্য তরুণ স্থপতিদের ঐতিহ্যনির্ভর ও সংস্কৃতিমূলক স্থাপত্যচর্চায় উৎসাহিত করে।

 

stamd ford-2-Dhaka Prokah News-03-11-2025.jpg
ছবি: ঢাকাপ্রকাশ

প্রতি বছর বিশ্ব স্থাপত্য দিবস (৬ অক্টোবর) উদ্‌যাপন উপলক্ষে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ এ আয়োজন করে থাকে। আয়োজকদের মতে, এবারের সেমিনার ও প্রদর্শনী তরুণ স্থপতিদের সৃজনশীলতা, মানবিকতা ও টেকসই নকশাচর্চার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।