ক্যাম্পাস
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর
মৌলভীবাজার থেকে ময়মনসিংহে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মুকসেদুল মুমিন রাব্বি (২৪) মারা গেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনা হলে পপুলার হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাব্বির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়ায়। আজ আসরের নামাজের পর স্থানীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৌলভীবাজার এলাকার এক পরিচিত ব্যক্তির চাকরি–সংক্রান্ত খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রাব্বি ঢাকা থেকে সেখানে যান। একই সময়ে ময়মনসিংহ থেকে আরও তিনজন দুইটি মোটরসাইকেলে মৌলভীবাজারে পৌঁছান। কাজটি দেখে তারা দুটো মোটরসাইকেলে চারজনই ভোররাতের দিকে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেন।
রাস্তায় ভোর চারটার দিকে একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। রাব্বি ও আরেক যুবক গুরুতর আহত হন। প্রথমে তাদের কিশোরগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরে ঢাকায় পপুলার হাসপাতালে নিলে রাব্বিকে মৃত ঘোষণা করা হয়। তার সঙ্গে থাকা আরেকজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
হঠাৎ এই মৃত্যুর সংবাদে রাব্বির সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোক নেমে এসেছে। জুমার নামাজের পর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।