ক্যাম্পাস

হাদিকে সমাহিত করা উপলক্ষ্যে ঢাবি ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

হাদিকে সমাহিত করা উপলক্ষ্যে ঢাবি ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদির দাফন কার্যক্রমকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্বাভাবিক ভিড় এড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসের প্রধান প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি ও ব্যারিকেড বসানো হয়েছে। জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় এই সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

পারিবারিক ও ইনকিলাব মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী, শহীদ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ বেলা ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। জানাজা শেষে একটি শোক মিছিলের মাধ্যমে তার মরদেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। তার এই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।