ক্যাম্পাস
বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ঢাবি ক্যাম্পাসে
জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ‘শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার’-এর আধুনিকায়ন ও একটি নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ওজিল মেডিকেল সেন্টার প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা ৩৪ মিনিট) তিনি সেখানেই অবস্থান করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সফরের অংশ হিসেবেই ঢাবি ক্যাম্পাসে আসেন মেসুত ওজিল। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে বিলাল এরদোয়ান-এর সফরসঙ্গী হিসেবে মঙ্গলবার ঢাকায় পৌঁছান। সফরসূচি অনুযায়ী, আগামীকাল তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা TİKA যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম রমজানের ইফতারে অংশ নেবে এবং ক্যাম্পের আবাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবে।
কর্মকর্তারা আরও জানান, তুরস্কের সহায়তায় পরিচালিত নয়টি বিদ্যালয়ের মধ্যে অন্তত একটি বিদ্যালয় প্রতিনিধি দলটি পরিদর্শন করতে পারে। এর আগে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পূর্বেই মেসুত ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শহিদ মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন প্রকল্পের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুর্কি সরকারের আওতাধীন টিকা প্রকল্পের মাধ্যমে শহিদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহায়তা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে, যা দিয়ে চিকিৎসা সেবার মানোন্নয়ন ও আধুনিক সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।
বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকার আকস্মিক সফরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়।