ক্যাম্পাস
জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকাগামী একটি বাসে নারী শিক্ষার্থীকে গোপনে ছবি তোলা এবং প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত করার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকার বঙ্গবাজারগামী একটি দোতলা বাসে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটি ক্যাম্পাসে ফিরিয়ে এনে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়।
অভিযুক্ত মো. হাসানুর রহমান নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং নবাব সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। ভুক্তভোগী নারী শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বাসে ভুক্তভোগীর অজান্তে তার কয়েকটি ছবি তোলেন হাসানুর রহমান। বিষয়টি অন্য এক শিক্ষার্থীর নজরে এলে ভুক্তভোগী তার মোবাইল ফোনটি নিয়ে নেন। এতে অভিযুক্ত ছবি তোলার বিষয়টি অস্বীকার করে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে নারী শিক্ষার্থীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। এতে ওই শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হন।
পরে অভিযুক্ত জোর করে মোবাইল নিয়ে বাস থেকে পালানোর চেষ্টা করলে অন্য শিক্ষার্থীরা তাকে আটক করে ক্যাম্পাসে ফিরিয়ে আনেন এবং প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন।
নিরাপত্তা অফিসে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে অভিযুক্ত লিখিত জবানবন্দিতে অনুমতি ছাড়া ছবি তোলা এবং ধস্তাধস্তির সময় নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করার কথা স্বীকার করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান, ঘটনার পরপরই প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।